পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক রমিজ রাজা। পাকিস্তান প্রধানমন্ত্রী ও দেশটির বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের কাছ থেকে সবুজ সংকেত পেয়ে গেছেন রমিজ।
এদিকে সংবাদমাধ্যমে খবর, পিসিবি চেয়ারম্যান হতে আগ্রহী ছিলেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরামও। কিন্তু ইমরান খান তার ব্যাপারে ‘নেতিবাচক’ ছিলেন।
এহসান মানির উত্তরসূরি হিসেবে ওয়াসিম আকরামই ফেভারিট ছিলেন বলে খবর। পিসিবির এক সূত্র এ প্রসঙ্গে বলেছেন, ‘এটা সত্যি যে, ওয়াসিম আকরামের নাম পিসিবি চেয়ারম্যানের পদে বিবেচনা করা হচ্ছিল। ওয়াসিম নিজেও আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে প্রধানমন্ত্রী ইমরান খান জানান রামিজ রাজাকে বেছে নেওয়াই যথাযথ হবে, যেহেতু তিনি অতীতের কোনো বোঝা বয়ে বেড়াবেন না।’
অতীতে ওয়াসিম আকরামের বিরুদ্ধে ওঠা ম্যাচ গড়াপেটার অভিযোগই এ ক্ষেত্রে তার পিসিবি চেয়ারম্যান হওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। ৯০-এর দশকের পাকিস্তান ক্রিকেটারদের বিরুদ্ধে ওঠা গড়াপেটার অভিযোগের কেন্দ্রে ছিল ওয়াসিম আকরামের নাম। ২০০০ সালে গড়াপেটার তদন্তকারী কমিটির সঙ্গে সহযোগিতা না করার অভিযোগও রয়েছে আকরামের বিরুদ্ধে।
আকরাম আপাতত পিসিবির ক্রিকেট কমিটির অন্যতম সদস্য। সেই সঙ্গে তিনি পিএসএলে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেটের ভূমিকাও পালন করছেন।