উইকেটকিপিং ভাগাভাগি নিয়ে পজিটিভ মুশফিক-সোহান: মাহমুদউল্লাহ

অভিজ্ঞ মুশফিকুর রহিম নাকি ফর্মে থাকা নুরুল হাসান সোহান— নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে গ্লাভস হাতে উইকেটের পেছনে কে দাঁড়াবেন তা নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ।

টাইগারদের সবশেষ দুই টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না মুশফিক। তার অনুপস্থিতিতে উইকেটের পেছনে নিজেকে প্রমাণ করেছেন সোহান। কিউইদের বিপক্ষে সিরিজের স্কোয়াডে মুশফিক ফেরায় এখন সবার প্রশ্ন, সোহান একাদশে থাকবেন তো?

সোমবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো অবশ্য দু’জনকে সবুজ সিগন্যাল দিয়ে রেখেছেন। জানিয়েছেন, মুশফিক-সোহান দুজনকেই উইকেটকিপিংয়ের সুযোগ দেওয়া হবে। প্রথম দুই ম্যাচে সোহান ও পরের দুই ম্যাচে মুশফিক থাকবেন উইকেটের পেছনে।

এই ‍দুই ম্যাচ দেখে পঞ্চম ম্যাচের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, উইকেটের পেছনে এক রকম পরীক্ষাই দিতে হবে সোহানকে।

তবে উইকেটকিপিংয়ের সুযোগ পাওয়া নিয়ে নিজেদের মধ্যে কোনো মাথাব্যথা নেই মুশফিক-সোহানের। এমনটাই জানালেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার বিকেলে মিরপুর শেরে বাংলা জাতীয ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তার আগে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা।

সেই সঙ্গে মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে মুশফিক-সোহানের উইকেটকিপিং ভাগাভাগির বিষয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘কোনো অসুবিধাই নেই। দুজনই খুশি আছে। টিম ম্যানেজমেন্টও খুশি। সবকিছুই ঠিক আছে। পুরো টিমই এই ব্যাপারে পজিটিভ আছে। তারা দুজনও পজিটিভ আছে।’

মুশফিক-সোহান ছাড়াও দলে রয়েছেন আরো এক উইকেটরক্ষক। তিনি লিটন দাস। মুশফিকের মতো জাতীয় দলে তিনি নিয়মিত মুখ। অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও নিউজিল্যান্ড সিরিজে ফিরেছেন তিনি।

সাদা বলে নিয়মিত উইকেটকিপিং করেন মুশফিক এবং টেস্টে লিটন। সোহানের একাদশে থাকা নিয়ে এ কারণেই সবার সংশয়টা বেশি ছিল। তবে সেই সংশয় উড়ে গেছে কোচ ডমিঙ্গো ও অধিনায়ক মাহমুদউল্লার কথায়।