শীর্ষ ক্রিকেটারদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে খেলতে এসেছে নিউজিল্যান্ড। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকাদের কেউ নেই বাংলাদেশ সিরিজে। এরপরও কিউইদের হালকা করে দেখছেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
বাংলাদেশ অধিনায়কের চোখে দল হিসেবে নিউজিল্যান্ড সব সময়ই ‘ডিসিপ্লিনড’। সেই দলের বিপক্ষে সতীর্থদের ‘ডিসিপ্লিন’ ক্রিকেটের তাগিদ দিয়েছেন টাইগার দলপতি।
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে বুধবার। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ম্যাচ মাঠে গড়াবে বিকেল ৪টায়।
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ কিছু সুখস্মৃতি রয়েছে বাংলাদেশের। ২০১০ সালে ও ২০১৩ সালে ওয়ানডেতে কিউইদের হোয়াইটওয়াশ করে টাইগাররা।
টি-টোয়েন্টিতে অবশ্য কিউইদের বিপক্ষে বাংলাদেশের পারফরম্যান্স তেমন সুখকর নয়। মুখোমুখি ১০ বারের দেখায় সব কটিতেই হার বাংলাদেশের। তবে এবারের সিরিজে এই হাহাকার ঘোচানোর ভালো সুযোগ বাংলাদেশে সামনে।
মাহমুদউল্লাহ রিয়াদও বিষয়টি মেনে নিচ্ছেন। মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘এটা ঠিক, দল হিসেবে এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে সিরিজ জেতার একটা ভালো সুযোগ আছে আমাদের। আমরা যেন আমাদের মানটা রাখতে পারি। আমি সব সময় বলি, ঘরের মাঠে আমরা খুবই ভালো একটা দল। সেটা প্রমাণ করারও আমাদের একটা তাগিদ আছে এবং আশা করি আমরা তার জন্যই খেলব।’
সদ্যই ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। তার আগে জিম্বাবুয়ের মাঠেও রয়েছে সিরিজ জয়ের স্মৃতি।
তবে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সরাসরি ফেভারিট বলতে চাননি মাহমুদউল্লাহ। তার কথায়, ‘আমি সব সময়ই বলি যে টি-টোয়েন্টি ফরম্যাটটাই এমন, যেখানে আপনি নিজেকে ফেভারিট ভাবতেও পারেন, আবার এ জিনিসটাতে যদি অতি-আত্মবিশ্বাসী হয়ে পড়েন তবে নেগেটিভ হয়ে যায়।’
‘আমার মনে হয় এ ফরম্যাটটাই এমন যে নির্দিষ্ট দিনে কন্ডিশন বা উইকেট অ্যাসেসমেন্ট এবং ভালো ক্রিকেট খেলতে উদ্গ্রীব থাকা দরকার। তাহলে আমরা পজেটিভলি চিন্তা করতে পারব এবং আমাদের জন্য ভালো সুযোগ থাকবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দলের সবার মধ্যে যে ক্ষুধাটা ছিল, এই সিরিজেও সেটা চান মাহমুদউল্লাহ। নিউজিল্যান্ড যে দল নিয়ে এসেছে, সেই দলকেও ভালো দল হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘আমার মনে হয় ওরা খুব ভালো একটা টিম…। নিউজিল্যান্ড এমন একটা টিম যারা সব সময় ভালো হোম ওয়ার্ক করে এবং ওরা যে প্ল্যান করে সেই প্ল্যানে ওরা সেট থাকার চেষ্টা করে। আমরা মনে হয় ওরা খুব ডিসিপ্লিনড।’
তাই সতীর্থদের ডিসিপ্লিন ক্রিকেটের তাগিদ মাহমুদউল্লাহর, ‘আমার মনে হয় আমাদেরকেও ওদের সাথে ডিসিপ্লিন ক্রিকেট খেলতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেলাটা গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন... আনন্দই কেন বিষাদ হয়ে বের হচ্ছে: প্রশ্ন মাশরাফীর