বিএনপির বিগত ৪৩ বছরের ইতিহাস মিথ্যার বেসাতি এবং দেশবিরোধী ষড়যন্ত্রের ইতিহাসÑ এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনো বিতর্কিত করেনি, উচ্চাভিলাষী ও অপরিণামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ‘ভিলেন’ হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন।” গতকাল বুধবার বিকেলে ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘জিয়াউর রহমান নিজের জীবদ্দশায় কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও এখন বিএনপি নেতারা স্বাধীনতার অন্যতম পাঠককে ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছেন। জিয়াকে ইতিহাসের নায়ক বানাতে গিয়ে বিএনপি নেতারা তাকে শুধু বিতর্কিতই করেননি, ইতিহাসের কাঠগড়ায়ও দাঁড় করিয়েছেন।’
ওবায়দুল কাদের বলেন, ‘মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে বিএনপির মায়া কান্না তাদের কমিটমেন্টের অন্তঃসারশূন্যতা প্রকাশ করে। স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ফাঁকা বুলি শুধু বিএনপির মুখেই মানায়।’
‘স্বাধীনতার আন্দোলন নাকি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়েছিল’ বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি বিএনপি নেতাদের সর্বশেষ আবিষ্কার এবং ইতিহাস বিকৃতির নবরূপ।’
হাজার বছরের আরাধ্য স্বাধীনতার অমিয় সুধা পানে জাতিকে ধাপে ধাপে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অথচ বিএনপি বঙ্গবন্ধুর পাশে জিয়াকে প্রতিষ্ঠা করার যে অপচেষ্টা করছে তা চরম ধৃষ্টতার শামিল। একজন মহানায়ক, আজন্ম সংগ্রামী মুক্তির রোল মডেলের পাশে গণতন্ত্র হত্যাকারী, হত্যাকা-ের বেনিফিশিয়ারি, মুখোশপরা গণতন্ত্রীর স্থান হতে পারে না।’