মুক্ত পরীমণির ক্ষুব্ধ বার্তা মেহেদির রঙে

মাদক মামলায় ২৮ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত চলচ্চিত্র নায়িকা পরীমণি। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাসায় ফেরার সময় তাকে দেখা যায় উৎফুল্ল মেজাজে। কারাগার থেকে বেরিয়ে আসার সময় পরীমণি ছিলেন সাদা পোশাকে। মাথায় ফ্যাশনেবল করে বাঁধা ছিল সাদা এক টুকরো কাপড়।

পরীমণি কারাগার থেকে বেরিয়ে দেখেন, শত শত মানুষ তাকে একটু দেখার জন্য ভিড় জমিয়েছেন। তিনি অবশ্য তাদের নিরাশ করেননি। তাকে বহনকারী সাদা গাড়ির ছাদ খুলে দাঁড়ান তিনি। ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। কারও কারও সঙ্গে সেখান থেকেই হাত মেলান। ভক্তদের পেছনে রেখে সেলফিও তোলেন। পরীমণি যখন ভক্তদের উদ্দেশে হাত নাড়ছিলেন, তখন তার হাতের তালুর ওপর দেখা যায় মেহেদির রঙে ইংরেজিতে লেখা ডোন্ট. তারপর তিনটি লাভ চিহ্ন, তারপর লেখা ‘লাভ মি বিচ’ এবং সবশেষে একটি উত্থিত মধ্যমা।

পরীমণিকে কারাগার থেকে নেওয়ার জন্য সকাল ৯টার দিকে একটি সাদা রঙের গাড়ি কারাগারে ঢোকে। পরীমণি সকাল ৯টা ৩৫ মিনিটে কারাগার থেকে বের হয়ে সরাসরি ঢাকার উদ্দেশে রওনা হন। এর আগে তাকে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভীর কাছে হস্তান্তর করে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার কর্র্তৃপক্ষ। পরীমণিকে নিতে কারাফটকে উপস্থিত ছিলেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিনসহ কয়েকজন স্বজন। উৎসুক জনতা ও ভক্তদের ভিড়ে কারাগার থেকে বের হওয়ার সময় পরীমণির গাড়িকে বেশ বেগ পেতে হয়। কারাগারের প্রধান ফটকের সামনে পরীমণিকে বহনকারী  জিপটি এসে থামলে সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মী ও শত শত ভক্ত জিপটি ঘিরে ধরেন। এ সময় পরীমণি জিপের ছাদ খুলে দাঁড়িয়ে হাসিমুখে উপস্থিত সাংবাদিক ও দর্শনার্থীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর তিনি ভক্তদের পেছনে রেখে সেলফি তোলার পাশাপাশি কারও কারও সঙ্গে হাতও মেলান। এ সময় সাংবাদিকরা পরীমণিকে জিজ্ঞেস করেন, তার কেমন লাগছে। তবে পরীমণি উত্তর দেননি। তিনি সেখানে কোনো কথাই বলেননি।

পরীমণি জামিনে মুক্তি পাচ্ছেন এমন খবরে গতকাল সকাল থেকে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে শত শত নারী-পুরুষ ভিড় করেন তাকে একনজর দেখার জন্য। এর আগে গত মঙ্গলবার রাতে পরীমণির জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। তবে রাত বেশি হয়ে যাওয়ায় কারাবিধি অনুযায়ী বন্দিকে লকআপে রাখার পর আর মুক্তি দেওয়ার সুযোগ ছিল না। তাই গতকাল সকালে তাকে মুক্তি দেওয়া হয় বলে কারা কর্মকর্তারা জানিয়েছেন।

হাতের লেখা দিয়ে কী বোঝাতে চেয়েছেন পরীমণি : গতকাল কারাগার থেকে বেরিয়ে আসার সময় পরীমণির হাতের তালুর ওপর মেহেদি দিয়ে লেখা একটি ইংরেজি বাক্য অনেকেরই মনোযোগ আকর্ষণ করে। বাক্যটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে তৈরি হয়েছে নানান জল্পনা-কল্পনা ও প্রশ্ন। কথাটি দিয়ে আসলে কী বলতে চাইছেন পরীমণি? তার ডান হাতের তালুতে মেহেদি দিয়ে লেখা ছিল ‘ডোন্ট লাভ মি বিচ’। তার নিচে এমন একটা প্রতীক তিনি ব্যবহার করেছেন, শালীন বাংলায় যার অর্থ হতে পারে ‘গোল্লায় যাও’। এসব কথা ও প্রতীক দিয়ে আসলে কী বলতে চাইছেন পরীমণি? কাকে বিচ বলতে চাইছেন? রাগে, অভিমানে নিজেকেই কি ‘বিচ’ বলে গালি দিয়েছেন? নাকি চারপাশের মানুষদের উদ্দেশে শব্দটা ব্যবহার করেছেন এই চিত্রনায়িকা। গ্রেপ্তারের পর আশপাশের কাছের মানুষদের হয়তো হাড়ে হাড়ে চিনেছেন তিনি। কারণ বিপদের সময়ে সুসময়ের অনেকেই তার পাশে ছিলেন না। এমনকি তাদের অনেকেই তার কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। নানাভাবে তাকে অপরাধী প্রমাণের চেষ্টা করেছেন। পরীমণি হয়তো তাদের উদ্দেশ্য করেই হাতের তালুতে ওই লেখাগুলো লিখেছেনÑ এমন হাজারো মন্তব্য ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

গত মঙ্গলবার মাদক মামলায় পরীমণিকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় আদালত। এর আগে গত ২২ আগস্ট পরীমণির পক্ষে জামিন আবেদন করা হলে মহানগর দায়রা জজ আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করে। পরদিন আরেক আবেদনে ‘দ্রুত শুনানির’ আর্জি জানান তার আইনজীবী মজিবুর রহমান। তাতে কোনো সাড়া না পেয়ে গত ২৫ আগস্ট হাইকোর্টে রিট ও জামিন আবেদন করা হয়। পরে দুদিনের মধ্যে পরীমণির জামিন আবেদনের শুনানি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। ওইদিন মহানগর দায়রা জজ আদালতের আদেশে উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলে, ‘জামিন আবেদনের বিষয়ে নিম্ন আদালত রীতিনীতির বাইরে গিয়ে আদেশ দিয়েছে। ২১ দিন পর আদেশ দেবে, এটা জামিন আবেদনটি খারিজ করার শামিল।’ একই সঙ্গে ১৩ সেপ্টেম্বর বিচারিক আদালতের আদেশ দেওয়ার সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজকে ১ সেপ্টেম্বরের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। উচ্চ আদালতের নির্দেশের পর মহানগর দায়রা জজ আদালত পরীমণির জামিন শুনানির জন্য গতকাল দিন ধার্য করে।

গত ৪ আগস্ট বিকেল ৪টার পরপর রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। অভিযান শেষে ওই বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করার কথা জানান র‌্যাব কর্মকর্তারা। এরপর ওই মামলায় পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে গত ৫ আগস্ট চার এবং ১০ আগস্ট দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর আবার ১৯ আগস্ট এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২১ আগস্ট আবার তাকে কারাগারে পাঠানো হয়।