প্রায় দেড় বছর বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান কবে খুলছেÑ এ বিষয়ে জানা যাবে আগামী ৫ সেপ্টেম্বর রবিবার। এদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কভিড-১৯ পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বুধবার (গতকাল) কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয় যৌথসভা করবে ১ সেপ্টেম্বর। মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখনো কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির মতামত পাওয়া যায়নি। বৃহস্পতিবারের (আজ) মধ্যে কমিটির মতামত পাওয়া যেতে পারে। আর আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সংক্রান্ত বিষয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই জানা যাবে কবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বন্ধ থাকা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে গত বছরের মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।