তিন চাকার ‘অবৈধ’ বাহন অটোরিকশা, টমটম, ভটভটি চলাচল বন্ধের দাবিতে পটুয়াখালীতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে দেয় জেলা বাস মিনিবাস মালিক সমিতি।
বৃহস্পতিবার বেলা ১১টা থেকে শুরু হওয়া অবরোধ চলে দুপুর ২টা পর্যন্ত। এ সময় পটুয়াখালী-বরিশাল-ঢাকা মহাসড়কে পটুয়াখালী বাস স্ট্যান্ড সংলগ্ন সড়কে বাস আড়াআড়ি করে রেখে যানবাহন চলাচল বন্ধ করে রাখে মালিক-শ্রমিকরা।
এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীসহ কুয়াকাটাগামী পর্যটকরা।
এ দিকে দুপুর দেড়টার দিকে পুলিশ বিভাগের হস্তক্ষেপে সড়ক থেকে বাস সরিয়ে দিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে অভ্যন্তরীণ রুটে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে।
বাস মিনিবাস মালিক সমিতির সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন মৃধা বলেন, বাস মিনিবাস মালিক সমিতির সময় নিয়ন্ত্রণ কক্ষে কোন ধরনের চাঁদাবাজি হয় না। কিন্তু অটোচালকরা বলে, আমরা অবৈধ বাস মালিক সমিতি। আমরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে লাভ করতে পারছি না। মহাসড়কে দাপিয়ে বেড়ায় অটোরিকশাসহ নিষিদ্ধ তিন চাকার যানবাহন।
আল মদিনা গাড়ির ড্রাইভার মো. সোহরাব বলেন, আমরা বৈধ বাস চালাই। মহাসড়কে বাসের অন্যতম প্রতিদ্বন্দ্বী অটো এখন চলে। আমরা গাড়ি চালিয়ে সন্ধ্যার পরে একজন ড্রাইভার ১০০ থেকে ১৫০ টাকার বেশি বাসায় নিতে পারি। এতে আমাদের পরিবার চলবে।
পটুয়াখালীর জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, অতি দ্রুত সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হচ্ছে।