স্কুলছাত্র বলৎকার চেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

চাঁদপুরের শাহরাস্তিতে দশম শ্রেণির এক স্কুলছাত্রকে (১৪) বলৎকার চেষ্টার অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে পুলিশে দিয়েছে এলাকাবাসী। বুধবার সন্ধ্যায় উপজেলার রায়শ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মো. আজাদ হোসেন প্রকাশ আজাদ মুন্সী রায়শ্রী উত্তর ইউনিয়নের দহশ্রী গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে শাহরাস্তি থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার দুপুরে আসামিকে আদালতে হাজির করা হলে হলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

নির্যাতিত শিশুর পরিবার ও মামলার এজহার সূত্রে জানা যায়, গত সোমবার সকালে বাড়ির পাশে মাঠে ওই ছাত্র ছাগল চরাচ্ছিলেন। এ সময় অভিযুক্ত শিশুটিকে টেনে-হিঁচড়ে নিজের বাড়িতে নিয়ে বলৎকারের চেষ্টা চালান আজাদ হোসেন ।

এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, এ ঘটনায় বুধবার রাতে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত আজাদকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় নির্যাতিত শিশু আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।