এসএমই গ্রাহকের ঋণমান নির্ণয়ে নতুন এজেন্সি বিডিরাল

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ঋণগ্রহীতাদের ঋণমান নির্ণয়ে নতুন ক্রেডিট রেটিং এজেন্সি হিসেবে যুক্ত হয়েছে দি বাংলাদেশ রেটিং এজেন্সি লিমিটেড (বিডিরাল)।

গতকাল বৃহস্পতিবার ব্যাংকের এসএমই গ্রাহকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে এই ঋণ ফেরত দেওয়ার যোগ্যতা যাচাই-বাছাই করার জন্য এক্সটার্নাল ক্রেডিট রেটিং অ্যাসেসমেন্ট ইনস্টিটিউশনস হিসেবে বিডিরালের অন্তর্ভুক্ত হওয়ার কথা জানায় বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে জারি করা এ সংক্রান্ত সার্কুলারে বলা হয়, এসএমই গ্রাহকদের ঋণমান নির্ণয়ে অন্য ৭টি রেটিং এজেন্সির পাশাপাশি বিডিরালও এখন থেকে কাজ করবে। যেকোনো ব্যাংক তাদের এসএমই গ্রাহকদের ঋণমান নির্ণয়ের মাধ্যমে ঋণঝুঁকি নির্ণয়ের জন্য এই প্রতিষ্ঠানগুলোর একটি বা একাধিক প্রতিষ্ঠানকে নিয়োগ দিতে পারবে।

এক্ষেত্রে কোনো গ্রাহকের দীর্ঘমেয়াদি রেটিং যদি কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা অনুযায়ী ১নং গ্রেডের হয় তাহলে বিডিরাল ওই গ্রাহকের রেটিং দেবে ট্রিপল ‘এ’। সর্বনিম্ন গ্রেড হবে ‘সি’ ও ‘ডি’। স্বল্পমেয়াদি রেটিংয়ের ক্ষেত্রে এসটি-১ থেকে এসটি-৬ পর্যন্ত স্কোরিং করবে বিডিরাল।