দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৩৬ জনের। এ নিয়ে এখন পর্যন্ত শনাক্ত হলো ১৫ লাখ ৭ হাজার ১১৬ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮৮ জনের। এর আগে গত ২৩ জুন এরচেয়ে কম মৃত্যু হয়েছিল। সেদিন ৮৫ জনের মৃত্যু হয়। এ নিয়ে মোট মৃত্যু হলো ২৬ হাজার ৩৬২ জনের। এর আগের ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ হাজার ৬২ জন নতুন রোগী শনাক্ত হয়, মৃত্যু হয় ৭৯ জনের। সে হিসাবে এক দিনে শনাক্ত রোগী আর মৃত্যুর সংখ্যা কিছুটা বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে দৈনিক শনাক্ত রোগীর হার।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ২৫ জনের নমুনা পরীক্ষা করে দৈনিক শনাক্ত রোগীর হার দাঁড়াচ্ছে ১০ দশমিক ৪০ শতাংশ, যা আগের ২৪ ঘণ্টায় ১০ দশমিক ১১ শতাংশ ছিল। আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৭৫ শতাংশ।
ঢাকা বিভাগে শনাক্ত ও মৃত্যু বেশি : গত ২৪ ঘণ্টায় ঢাকা (মহানগরসহ) বিভাগে সবচেয়ে বেশি রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে। এ বিভাগে নতুন শনাক্ত রোগী ২ হাজার ৪৮ জন। এদিন ঢাকার বিভিন্ন জেলায় ৩০ জনের মৃত্যু হয়।
বরিশাল বিভাগে শনাক্ত ও মৃত্যু কম : গত ২৪ ঘণ্টায় করোনায় বরিশাল বিভাগে সবচেয়ে কম রোগী শনাক্ত ও মৃত্যু হয়েছে। এ বিভাগে ৮৮ জন নতুন রোগী শনাক্ত হলেও মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি একই সময়ে সবচেয়ে কম মৃত্যু হয়েছে রংপুর ও ময়মনসিংহ বিভাগে। এই দুই বিভাগে মৃত্যু হয়েছে ৩ জন করে ৬ জনের। আর এই দুই বিভাগে নতুন রোগী শনাক্ত হয়েছে যথাক্রমে ১৬৪ ও ১৪১ জন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৭, রাজশাহী বিভাগে ৫, খুলনা বিভাগে ৭ এবং সিলেট বিভাগে ১০ জনের মৃত্যু হলেও এসব বিভাগে শনাক্তের হার আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। মৃত ৮৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬৯, বেসরকারি হাসপাতালে ১৭ এবং বাড়িতে ২ জন মারা যান।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৮৮ জনের মধ্যে পুরুষের তুলনায় নারীর মৃত্যু কম হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫৪ আর নারী ৩৪ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছে ১৭ হাজার ৮৪ জন; যা মোট মৃত্যুর ৬৪ দশমিক ৮১ শতাংশ। আর নারী মারা গেছে ৯ হাজার ২৭৮ জন; যা মোট মৃত্যুর ৩৫ দশমিক ১৯ শতাংশ।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৩, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৮, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১০, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৩২, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৯, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৬ ও ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন রয়েছেন।