চলতি বছরে রেকর্ডসংখ্যক ৩৩০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে গতকাল বৃহস্পতিবার। একই সময়ে ৩ জন মারা গেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর । এর আগে চলতি বছরের ১৭ আগস্ট সর্বোচ্চ ৩২৯ জন ডেঙ্গু রোগীর হাসাপাতালে ভর্তি হওয়ার তথ্য জানিয়েছিল অধিদপ্তর।
গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি ৩৩০ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ২৮৪ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৬২ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৩১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৩১ জন।
অধিদপ্তর আরও জানায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ০-১০ বছর বয়সী ৫১ জন, ১১-২০ বছর বয়সী ৫১ জন, ২১-৩০ বছর বয়সী ৬৯ জন, ৩১-৪০ বছর বয়সী ৩১ জন, ৪১-৫০ বছর বয়সী ২৫ জন, ৫১-৬০ বছর বয়সী ২৫ জন এবং ৬০ ঊর্ধ্ব বয়সী ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
মারা যাওয়া ৩ জনের মধ্যে ০-১০ বছর বয়সের ১ জন এবং ৩১-৪০ বছর বয়সী ২ জন রয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে অধিদপ্তর।
এদিকে চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১০ হাজার ৯৮১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ৯ হাজার ৬৬৮ জন হাসপাতাল ছেড়েছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।