সাভারে ক্রেনের চাপায় অটোরিকশা বিধ্বস্ত, আহত ৩

সাভারে নিয়ন্ত্রণ হারানো একটি ক্রেনের চাপায় অটোরিকশা চালক ও যাত্রীসহ আহত হয়েছেন ৩ ব্যক্তি।

শুক্রবার দুপুরে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের মেঘলা গার্মেন্টসের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরই ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৩ জনকে উদ্ধার করেন। আহতদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- অটোরিকশার যাত্রী আবুল কালাম ও তার ফুফাতো ভাই মেহেদী হাসান এবং অটোরিকশা চালক। এর মধ্যে কালাম আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ব্যবসা করেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে দুজন যাত্রী নিয়ে অটোরিকশাটি নরশিংহপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে মেঘলা গার্মেন্টসের সামনে পৌঁছালে উল্টো পথে দ্রুতগতিতে আসা হজরত দেওয়ান আলী শাহ এন্টারপ্রাইজের একটি ক্রেন অটোরিকশাটিকে চাপা দেয়।

আটোরিকশার যাত্রী মেহেদী অন্তত দশ ফুট দূরে ছিটকে পড়ে আহত হন। এ ঘটনায় অপর যাত্রী কালাম ও চালক ক্রেনের নিচে চাপা পড়েন।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক ও যাত্রী কালামকে উদ্ধার চেষ্টা চালায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আহত মেহেদি হাসান বলেন, অটোরিকশায় করে জামগড়া থেকে নরশিংহপুরের দিকে যাচ্ছিলাম। হঠাৎ উল্টোপথে আসা একটি ক্রেন আমাদের রিকশাটিকে চাপা দেয়। এ সময় ক্রেনের ধাক্কায় আমি ছিটকে পড়ে যাই। এরপর আর আমার কিছু মনে ছিল না।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিধ্বস্ত অটোরিকশা ও চাপা পড়া দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।