খুলনা জেলা কারাগারে মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে খুলনা কারাগারে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে কড়া পুলিশি পাহারায় তাকে খুলনা জেলা কারাগারে নিয়ে আসা হয়।

খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. ওমর ফারুক জানান, নগরীর সোনাডাঙ্গা থানার একটি মামলায় খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে আগামীকাল রবিবার হাজিরা দেওয়ার জন্য মামুনুল হককে খুলনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামুনুল সুস্থ আছেন বলেও জানান তিনি।

এর আগে গত ১১ মে রাতে মামুনুল হককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন, পুলিশি কাজে বাধা, ভাঙচুর ও সন্ত্রাসী কার্যক্রমসহ ২৭টি মামলা রয়েছে।

গত ১৮ এপ্রিল দুপুর ১২টার দিকে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ।