মনোহরদীতে সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু

নরসিংদীর মনোহরদীতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে রাজমিস্ত্রিসহ দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক উদ্ধারকারী আহত হন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চরমান্দালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের হাসিম মিয়ার ছেলে হাসান মিয়া (৩০) এবং একই এলাকার মিন্টু মিয়ার ছেলে মোবারক হোসেন (১৬)। আহতের নাম সজীব মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরদীর চরমান্দালিয়া গ্রামের এক বাড়িতে গতকাল দুপুরে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের শাটারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি হাসান। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে তাকে উদ্ধার করতে প্রতিবেশী ইজিবাইকচালক মোবারক ভেতরে নামেন। তারও সাড়াশব্দ না পেয়ে দুজনকেই উদ্ধার করতে ভেতরে নামেন আরেক প্রতিবেশী সজীব। তিনিও সেখানে অচেতন হয়ে পড়লে এলাকাবাসীর সহায়তায় সেপটিক ট্যাংকের ছাদ ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোবারক ও হাসানকে মৃত ঘোষণা করেন। সজীবকে উন্নত চিকিৎসার জন্য পাশর্^বর্তী ভৈরব উপজেলার ভাগলপুর হাসপাতালে নেওয়া হয়।