সংবাদ সম্মেলনে কাদের

জিয়ার লাশ নিয়ে আবোলতাবোল বকছে বিএনপি

সরকার নয়, জিয়ার লাশ নিয়ে ইতিহাসের অমোঘ সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বিএনপিই আবোলতাবোল বকছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির এখন কোনো রাজনৈতিক কৌশল নেই, তাই তারা সরকারের বিষোদগার করতে গিয়ে হতাশ হয়ে আবোলতাবোল বলছে।’ গতকাল শনিবার নিজ বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সরকার দেউলিয়া হয়ে জিয়ার লাশ নিয়ে আবোলতাবোল বকছে  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন ও আন্দোলনে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হতাশার গভীর সাগরে নিমজ্জিত। ক্ষমতানির্ভর দল বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় হতাশ হতে হতে এখন আর তারা স্বাভাবিক রাজনীতি করতে পারছে না। জিয়ার লাশ নিয়ে বিএনপি মহাসচিবকে সুনির্দিষ্ট প্রশ্ন করলে কোনো জবাব পাওয়া যায় না। তিনি এ প্রসঙ্গ বারবার এড়িয়ে সামঞ্জস্যহীন জবাব দেন এবং স্বভাবসুলভ আবোলতাবোল বকেন।’

‘সরকার দুর্নীতির কারণে অধিকসংখ্যক মানুষকে করোনার টিকা দিতে ব্যর্থ’ বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে তিনি আরও বলেন, ‘এটা তাদের চিরাচরিত কাল্পনিক অভিযোগ। ঢালাওভাবে অভিযোগ না করে সুনির্দিষ্টভাবে তথ্য প্রমাণ দিন, কোথায় দুর্নীতি হচ্ছে। তা ছাড়া টিকা নিয়ে বিএনপি একেক সময় একেক রকম কথা বলে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে।’

দেশের জনগণ এখন টিকা পেতে শুরু করেছে এবং পর্যায়ক্রমে সবাই পাবে, এটা দেখে বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির জন্য ভালো কিছু চোখে দেখে না।’