তিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১ হাজার ৬০০ কোটি টাকার বন্ড অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল রবিবার এসইসির নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদন পাওয়া তিন কোম্পানির মধ্যে লংকাবাংলা ফাইন্যান্সের ৩০০ কোটি, শাহজালাল ইসলামী ব্যাংক ৫০০ কোটি এবং ইসলামী ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড রয়েছে।
এসইসি জানিয়েছে, লংকাবাংলা ফাইন্যান্সের ৩০০ কোটি টাকার (মোট ইস্যু প্রাইজ ৩৬৫ কোটি ৩৩ লাখ টাকা) অরূপান্তরিত জিরো কুপন বন্ড অনুমোদন করেছে। ওই বন্ডের ডিসকাউন্ট হার ৭ দশমিক ২৫ থেকে ৯ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ফান্ড ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের অনুকূলে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে লংকাবাংলা ফাইন্যান্স করপোরেট, রিটেইল এবং এসএমই সেক্টরে পুনঃবিনিয়োগ বা ঋণ প্রদান করবে। এই বন্ডের প্রতি লটের অভিহিত মূল্য ৫৩ লাখ ৬ হাজার ৭৪৩ টাকা। শাহজালাল ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার অনিরাপদ, কন্টিজেন্ট-কনভার্টেবল, ফুল্লি পেইড আপ, নন-কিউমিলেটিভ, ব্যাসেল-৩ কমপ্লায়েন্ট পার্পিচ্যুয়াল বন্ড অনুমোদন করেছে। বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ, যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।
উল্লেখ্য, এ বন্ড ইস্যুর মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংকের এডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে। প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ৫ কোটি টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিশন ৫ হাজার টাকা।
ইসলামী ব্যাংক ৮০০ কোটি টাকার অনিরাপদ, কন্টিজেন্ট-কনভার্টেবল, ফুল্লি পেইড আপ, ফ্লোটিং রেট, নন-কনভার্টেবল ব্যাসেল-৩ কমপ্লায়েন্ট দ্বিতীয় পার্পিচ্যুয়াল বন্ড অনুমোদন করেছে। বন্ডটির ৭২০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৮০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে। এ বন্ড ইস্যুর মাধ্যমে ইসলামী ব্যাংকের এডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করবে।