দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে ঢাকার হাসপাতালে ২৬২ এবং ঢাকার বাইরে ৫৩ জন ভর্তি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল রবিবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৮০ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ১৩১ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৪৯ জন।
অধিদপ্তর আরও জানায়, গতকাল সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ০-১ বছর বয়সী ৬, ০-১০ বছর বয়সী ৬৯, ১১-২০ বছর বয়সী ৫০, ২১-৩০ বছর বয়সী ৬৬, ৩১-৪০ বছর বয়সী ৩৮, ৪১-৫০ বছর বয়সী ১৬, ৫১-৬০ বছর বয়সী ১১ এবং ৬০-ঊর্ধ্ব বয়সী ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে।
ডেঙ্গুতে মারা যাওয়া একজন ৩১-৪০ বছর বয়সী বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে অধিদপ্তর। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৫২ জন বলে জানিয়েছে তারা।
এদিকে চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১১ হাজার ৮১৬ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১০ হাজার ৪৮১ জন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।