হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে খুলনায় বিস্ফোরকদ্রব্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে আগামী ১০ অক্টোবর চার্জ গঠনের দিন ধার্য করেছে আদালত। গতকাল রবিবার খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বিচারক এস এম আশিকুর রহমানের আদালতে হাজির করলে ১৮ মিনিটের শুনানি শেষে বিচারক চার্জ গঠনের দিন ধার্য করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পিপি ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কে এম ইকবাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বেলা পৌনে ১১টায় কড়া পুলিশি নিরাপত্তায় খুলনা জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে করে মামুনুল হককে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র ও আইনজীবীরা জানান, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি মহানবী (সা.)-কে অবমাননার প্রতিবাদে হেফাজতে ইসলামসহ কয়েকটি ইসলামি রাজনৈতিক দল খুলনা মহানগরীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি নগরীর ডাকবাংলো মোড় ও ময়লাপোতা মোড় হয়ে শিববাড়ী মোড়ের দিকে যাওয়ার পথে ফুজি কালার ল্যাবের সামনে পৌঁছালে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন পুলিশ সদস্যসহ উভয় পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন। মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ২৬ জনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় সোনাডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর বাদী হয়ে মামুনুল হকসহ ২৬ জনের নামে মামলা করেন। ২০১৫ সালের ২১ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন মোট ১০৭ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।
গত শুক্রবার বিকেল ৪টায় মামুনুল হককে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউর কারাগার থেকে খুলনা জেলা কারাগারে আনা হয়।