মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রেলক্রসিংয়ে উঠে পড়া একটি মাইক্রোবাসে চলন্ত ট্রেনের ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। গতকাল রবিবার দুপুরে উপজেলার ভাটেরা এলাকার হোসেনপুর মোরা বাসস্ট্যান্ডসংলগ্ন রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিলেট সদর উপজেলার আম্বরখানার লোহারপাড়া এলাকার ফরিদ উদ্দিন (৪৮) ও তার ছেলে আফিফ (৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট থেকে ওই মাইক্রোবাসে করে হোসেনপুর এলাকায় আসছিলেন একদল আত্মীয়স্বজন। বেলা ১২টার দিকে মাইক্রোবাসটি মোরা বাসস্ট্যান্ডসংলগ্ন রেলক্রসিং পার হওয়ার সময় সিলেটগামী পারাবত ট্রেন সেটিকে সজোরে ধাক্কা দেয়। সড়কে একটি বাঁক থাকায় লাইনে ওঠার আগে ট্রেন দেখতে পাননি মাইক্রোবাস চালক। ধাক্কা খাওয়ার পর রেললাইনের ওপর দিয়ে মাইক্রোবাসটি ঠেলে প্রায় ৩০০ মিটার দূরে নিয়ে যায় ট্রেনটি। এতে মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়।
কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ দাস জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল সকালে তিন জেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুড়িগ্রামে ট্রাক্টরের ডালার আঘাতে তিন অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন। এ ছাড়া চাঁদপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক শিশু এবং টাঙ্গাইলের দেলদুয়ারে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য আরেকটি ট্রাককে ধাক্কা দিলে এক ট্রাকচালক ও তার সহকারী প্রাণ হারিয়েছেন। এছাড়া রাজধানীর বিমানবন্দর ও মতিঝিল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে।
রাজধানী : রাজধানীর বিমানবন্দর ও মতিঝিল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার তাদের মৃত্যু হয়। একজনের পরিচয় জানা গেলেও অপরজনের কোনো পরিচয় জানতে পারেনি পুলিশ। গতকাল ভোর ৬টার দিকে বিমানবন্দর থানাধীন এক নম্বর সেক্টরের ১১ নম্বর রোডে দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান অজ্ঞাত ব্যক্তি (৬০)।
বিমানবন্দর থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, ভোরে বিমানবন্দর ঢাকা-ময়মনসিংহ সড়কে কোনো যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান ওই ব্যক্তি।
এদিকে গতকাল ভোর ৫টার দিকে মতিঝিল শাপলা চত্বরের পাশে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর গ্রামের হালেম খানের ছেলে কালাই।
মতিঝিল থানার এসআই মো. ইসমাইল হোসেন জানান, ভোরে শাপলা চত্বর এলাকায় একটি ট্রাক রিকশাটিকে ধাক্কা দেয়। এতেই এই হতাহতের ঘটনা ঘটে। তিনি জানান, ঘাতক ট্রাকটি সঙ্গে সঙ্গে পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। আর রিকশাচালকের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আহতরা জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।