ফখরুলের বিবৃতি

জনগণের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন সাইফুর রহমান

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এম সাইফুর রহমান সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার গণমাধ্যমে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের স্বনামধন্য সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বরেণ্য রাজনীতিবিদ এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকীতে আমি তার আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। বাংলাদেশের রাজনীতিতে এম সাইফুর রহমানের কৃতিত্ব সর্বজনবিদিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।’

তিনি আরও বলেন, ‘এম সাইফুর রহমান একজন প্রাজ্ঞ ও কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারী অবদান রেখেছেন। তার দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত সুনাম অর্জন করে। তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃত। স্বাধীনচেতা, স্পষ্টভাষী, অটুট মনোবল ও ঈর্ষণীয় ব্যক্তিত্বের কারণে তিনি ছিলেন সবার কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি।’

মির্জা ফখরুল বলেন, ‘জিয়াউর রহমানের সহকর্মী হিসেবে দেশের দুর্যোগকালীন অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে এম সাইফুর রহমান দেশকে শুধু অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’

এদিকে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল বেলা ৩টায় ভার্চুয়াল দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ভার্চুয়াল স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

আলোচনায় অংশগ্রহণ করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, প্রফেসর ডা. এজেডএম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক এম নাসের রহমান। সঞ্চালনা করেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সদস্য সচিব কাইয়ুম চৌধুরী।

২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় এম সাইফুর রহমান নিহত হন।