সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ার ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে এই পথে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে ভোর ৪টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মালবাহী ট্রেনটি উল্লাপাড়ার লাহিড়ী মোহনপুর রেল স্টেশনের কাছে ঢাকা-ঈশ্বরদী রেলপথে ইঞ্জিন বিকল হয়ে যায়।
ফলে ঢাকার সঙ্গে রাজশাহী, রংপুর ও খুলনা অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের মাস্টার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রেল চলাচল স্বাভাবিক হওয়ার পর থেকে এ রুটে এ পর্যন্ত ৪টি ট্রেন চলাচল করেছে।
তিনি আরও বলেন, দিনাজপুর থেকে ছেড়ে আসা এনজি ডিসি ব্লক ঢাকা নামের মালবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এটি মোহনপুর স্টেশনের উল্লাপাড়া রাউটারে সিগন্যালের কাছে আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে এ রুটে প্রায় পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে একটি লাইট ইঞ্জিন এনে ট্রেনটি উদ্ধার করে উল্লাপাড়া রেলস্টেশনে আনার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।