রংপুরে তিস্তায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু

রংপুরের গঙ্গাচড়ায় বৈরী আবহাওয়ার মধ্যে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে লক্ষ্মীটারী ইউনিয়নের চর চল্লিশসালে মাছ ধরার সময় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- নুরল ইসলামের ছেলে মতিয়ার রহমান টাংরু (৩৫) ও একরামুল হকের ছেলে মনু মিয়া (৩৬)।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী জানান, ফজরের নামাজের আগ মুহূর্তে চর চল্লিশসালে কয়েকজন মিলে নৌকায় করে মাছ ধরতে যায়। ওই সময়ে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।

 বজ্রপাতে টাংরু ও মনু নামে দু’জন ঘটনাস্থলে মারা যান। এ সময় সঙ্গে থাকা আরো দু’জন আহত হন।

আহতদের বাড়ি গজঘন্টা ইউনিয়নের কালিরচর গ্রামে বলেও জানান তিনি।

আহতদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

পরে স্থানীয়, থানার বিট অফিসার, এলাকার ইউপি সদস্য, চেয়ারম্যানসহ স্হানীয় জনগণ বজ্রপাতের ঘটনা নিশ্চিত হলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

আরও পড়ুন...  যুদ্ধে ভাতিজা, মুখপাত্রকে হারিয়ে আলোচনায় রাজি মাসুদ