জেলা আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নোয়াখালীর জেলা শহর মাইজদীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল করেছে দলটির একটি পক্ষ। এ সময় মিছিলকারীরা স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর পক্ষে বিভিন্ন সেøাগান দেয়। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে শহরের টাউন হল মোড় থেকে তারা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে বিভিন্ন জায়গা থেকে পুলিশ ১১ মিছিলকারীকে আটক করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর ৫০-৬০ জন অনুসারী শহরে মিছিল বের করে। মিছিলটি জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে পৌঁছালে লাঠিপেটা করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় সাংসদ একরামুল করিম চৌধুরীর কমপক্ষে ৫ অনুসারী আহত হয়। এ ঘটনার পরপরই শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়। একই সঙ্গে জেলা আওয়ামী লীগ কার্যালয় ও নোয়াখালী পৌর ভবনে লোকজনকে জড়ো হতে বাধা দেওয়া হয়।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘কিছু লোক ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিলের চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশ বিভিন্ন স্থান থেকে ১১ জনকে আটক করে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে দেড় শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি পর্যাপ্ত র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।’
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান এই পুলিশ সুপার।
এর আগে স্থানীয় আওয়ামী লীগের বিবদমান তিন পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বানকে কেন্দ্র করে নোয়াখালী পৌর এলাকায় গতকাল সকাল-সন্ধ্যা ১৪৪ ধারা জারি করেছিল জেলা প্রশাসন। গত রবিবার সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খোরশেদ আলম খান ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আলোকে ওই আদেশ জারি করেন।
জেলা আওয়ামী লীগের সম্মেলনে ঘোষিত সভাপতি এ এইচ এম খায়রুল আলম চৌধুরী এবং সাংসদ মোহাম্মদ একরামুল করিমসহ পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের দাবিতে গতকাল সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমাবেশ ডাকেন সাংসদ একরামুলের অনুসারী শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ। একই সময় ওই কার্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে টাউন হল মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সমাবেশ ডাকেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিহাব উদ্দিন। এ ছাড়া একই সময়ে নোয়াখালী পৌরসভা নির্বাচন উপলক্ষে পৌর মিলনায়তনে আলোচনা সভার আহ্বান করেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শহিদ উল্যাহ খান। এর আগের দিন গত রবিবার বিকেলে তিন পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিন পুলিশ সাংসদ একরামুলের দুই প্রতিপক্ষকে ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে ২০১৯ সালের ২০ নভেম্বর সম্মেলনে ঘোষিত নোয়াখালী জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে জেলার সুবর্ণচরে সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে হারিছ চৌধুরী বাজারে এ সমাবেশ হয়।