চুয়াডাঙ্গায় ৯ সেপ্টেম্বর থেকে পরিবহন ধর্মঘটের ডাক

সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে ৯ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার অভ্যন্তরীণ পাঁচটি রুটে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের জেলা বাস-মিনিবাস মালিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এছাড়া দাবি আদায় না হলে ১৩ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধেরও ডাক দেন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বলা হয়, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সড়কে সব ধরনের অবৈধ যান চলাচল নিষিদ্ধ থাকলেও চুয়াডাঙ্গা জেলায় সে নিয়ম মানা হচ্ছে না। চুয়াডাঙ্গার আঞ্চলিক মহাসড়কের পাঁচটি রুটে অবৈধ আলমসাধু, নসিমন, করিমন ও ভটভটিসহ তিন চাকার যান দাপিয়ে বেড়াচ্ছে। যার কারণে একদিকে যেমন বাড়ছে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পরিবহন শ্রমিকরা। এ পরিস্থিতি প্রশাসনকে বারবার জানালেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই পরিবহন ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন মুক্তা, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি সালাউদ্দীন, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ট্রাকমালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন প্রমুখ।