প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) নিজের প্রথম মৌসুমে নেইমারকে কত পরিশোধ করা হয়েছিল জানেন? জানলে আপনার আঁতকে ওঠার কথা।
২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো ট্রান্সফারের রেকর্ড গড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। আর পার্ক দে প্রিন্সেসে প্রথম মৌসুমেই ৪০০ মিলিয়ন ইউরো আয় করেন ২৯ বছর বয়সী তারকা।
এল মুন্দোর প্রতিবেদনের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
পিএসজির সঙ্গে পাঁচ বছরের চুক্তি অনুযায়ী, প্যারিসে নিজের প্রথম মৌসুমে মাসিক ৪ লাখ ৩০ হাজার পাউন্ডের বোনাস পান নেইমার। গত মে মাসে ফরাসি জায়ান্টদের সঙ্গে আরও পাঁচ বছরের জন্য চুক্তি করেছেন তিনি। এই নতুন চুক্তিতে নেইমারের বাৎসরিক আয় দাঁড়াবে ৫০ মিলিয়ন ইউরো।
নেইমার স্পেন ছেড়ে ফ্রান্সে যাওয়ায় বিশ্বব্যাপী বড় প্রভাব রাখে ফুটবল বাণিজ্যে। পিএসজির সঙ্গে চুক্তি ছাড়াও অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন তিনি।
ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে পিএসজির রেকর্ড ট্রান্সফার ফি দেখে অনেকে আশ্চর্য হয়ে গিয়েছিলেন। ওই সময় ক্লাবটির মালিক নাসের আল খেলাইফি বলেছিলেন, ‘নেইমারের পেছনে আমরা যা ব্যয় করেছি তার চেয়ে আরও অধিক অর্থ উপার্জন করতে পারব আমরা।’
পিএসজির নিজস্ব দোকান ওই সময় দুই ঘণ্টার মধ্যে নেইমারের জার্সি বিক্রি করে অর্ধ মিলিয়ন ইউরো আয় করে।
নেইমারের সঙ্গে চুক্তি করে লাভের মুখই দেখেছে পিএসজি। ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপা জয় ছাড়াও আর্থিকভাবে লাভবান হয়েছে ক্লাবটি। পিএসজি জানিয়েছে, নেইমারের উপস্থিতি ছাড়া তারা ইতালিয়ান ব্রান্ড রিপ্লে বা নাইকি জর্ডানের সঙ্গে আকর্ষণীয় চুক্তি করতে সক্ষম হতো না। নেইমার আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্লাবটির অনুসারী বাড়ে আকাশছোঁয়া।
ফ্রান্সে নেইমারের প্রথম মৌসুমেই টেলিভিশনের দর্শক বাড়ে ২৫ শতাংশ। ডিজনি চ্যানেল ঘোষণা দেয়, তারা ব্রাজিলে লিগ ওয়ানের সম্প্রচার সত্ত্ব কিনবে। এর আগে ইএসপিএন ও ফক্স স্পোর্টসের মাধ্যমে খেলা দেখাত চ্যানেলটি।
পিএসজিতে নেইমারের অভিষেক দেখার অপেক্ষায় ছিল ফুটবল বিশ্ব। যা ফুটবল ইতিহাসে সবচেয়ে দেখা ম্যাচের একটি।
লিগ ওয়ানের আন্তর্জাতিক উন্নয়নের পরিচালক ইয়োন গডিন জানান, ‘নেইমার আসায় নিঃসন্দেহে পিএসজি ও ফরাসি ফুটবলে আরেকটি মাত্রা যোগ করেছে।’