যুবসমাজকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে ৪ হাজার ৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। দেশের যুবসমাজ, নারী ও অনগ্রসর জনগোষ্ঠীকে কর্মসংস্থানের উপযোগী ও চাহিদাভিত্তিক কর্মী বাহিনী হিসেবে গড়ে তুলতে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৪ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্পের অনুমোদন করেছে। রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সভাকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
সভাশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, একনেক সভায় ৭ হাজার ৫৮৯ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে মোট ৮টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৫ হাজার কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক ঋণসহায়তা থেকে ২ হাজার ৫৮০ কোটি টাকা ব্যয় করা হবে। পরিকল্পনামন্ত্রী জানান, অনুমোদিত প্রকল্পের মধ্যে ৬টি নতুন ও ২টি সংশোধিত প্রকল্প রয়েছে।
যুবসমাজ, নারী ও অনগ্রসর জনগোষ্ঠীকে কর্মসংস্থানের উপযোগী ও চাহিদাভিত্তিক কর্মী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘এক্সসিলারেটিং অ্যান্ড স্ট্রেনথদেনিং স্কিলস ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (এএসএসইটি)’ প্রকল্পটি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড জুলাই ২০২১ থেকে ডিসেম্বর ২০২৬ মেয়াদে বাস্তবায়ন করবে। প্রকল্প ব্যয়ের ১ হাজার ৭২০ কোটি টাকা সরকার অর্থায়ন করবে এবং বাকি ২ হাজার ৫৮০ কোটি টাকা বিশ^ব্যাংকের কাছ থেকে প্রকল্প সাহায্য পাওয়া যাবে।
এম এ মান্নান বলেন, দেশে দক্ষ শ্রমশক্তির অভাব রয়েছে। তাই দক্ষ শ্রমশক্তি গড়ে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম জানান, ডেমোগ্রাফিক ডেভিডেন্ট সুবিধাকে যথার্থভাবে কাজে লাগানোর ক্ষেত্রে এএসএসইটি অত্যন্ত সময়োপযোগী প্রকল্প বলে প্রধানমন্ত্রী অভিহিত করেছেন।
প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মান উন্নতি হওয়ার পাশাপাশি যুবসমাজের কর্মদক্ষতা বৃদ্ধি এবং দেশ-বিদেশে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে পরিকল্পনা কমিশনের মতামতে তুলে ধরা হয়েছে।
প্রকল্পের মূল কার্যক্রমের মধ্যে রয়েছে অনাবাসিক ভবন নির্মাণে ১৫ একর জমি অধিগ্রহণ, প্রশিক্ষণ, প্রশিক্ষণ অনুদান, প্রকল্প অনুদান, কনসালট্যান্সি, সেমিনার ও কনফারেন্স, আইসিটি সরঞ্জাম, কম্পিউটার সামগ্রী ক্রয়, অফিস সরঞ্জামাদি, আসবাবসহ অন্যান্য যন্ত্রপাতি ক্রয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সেক্টরে কভিড-১৯ মোকাবিলাসংক্রান্ত সচেতনতা তৈরিতে সহায়তা প্রদান।
একনেক সভায় ১ হাজার ১৪২ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ‘পৌরসভায় পরিচ্ছন্নতাকর্মীদের জন্য আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এছাড়া প্রধানমন্ত্রী হিলি, বাংলাবান্ধা ও বুড়িমারী শুল্ক স্টেশনে পণ্য ও যাত্রী স্ক্যানার মেশিন বসানোর নির্দেশ দেন।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলোর মধ্যে হিলি, বুড়িমারী ও বাংলাবান্ধা এলসি স্টেশনের ভৌত অবকাঠামো নির্মাণ প্রকল্প; বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীর তীরভূমিতে পিলার স্থাপন, তীররক্ষা, ওয়াকওয়ে ও জেটিসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ প্রকল্প; বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার রংপুর স্থাপন প্রকল্প অন্যতম।