এসএমই উদ্যোক্তাদের ঋণ প্রদানে কাঠামোগত সংস্কার জরুরি

কুটির, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) খাতের উদ্যোক্তা বিকাশের আর্থিক সহায়তা নিশ্চিতকরণের জন্য ঋণ প্রদানের কাঠামোগত সংস্কার জরুরি। একই সঙ্গে বিশেষায়িত ব্যাংক স্থাপন, এসএসই ডেটাবেইজ প্রণয়ন, সহায়ক নীতিমালা প্রণয়ন ও তার যথাযথ বাস্তবায়ন করতে হবে। সিএমএসএমই উদ্যোক্তাদের প্রদত্ত ওয়ার্কিং ক্যাপিটাল ঋণকে টার্ম লোন হিসেবে গণ্য করার প্রয়োজন বলে মনে করেন উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা।

গতকাল মঙ্গলবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘এসএমই প্রণোদনা প্যাকেজ হতে ঋণ প্রাপ্তির পদ্ধতি’ শীর্ষক ভার্চুয়াল মতবিনিময় সভার আলোচকরা এমন অভিমত ব্যক্ত করেন।

সভায় এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান প্রধান অতিথি ও ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান বলেন, শিল্প খাতে ৮০ শতাংশ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ম্যানুফ্যাকচারিং খাতের ৪৫ শতাংশ মূল্য সংযোজন করে সিএমএসএমই খাত, তবে প্রয়োজনীয় আর্থিক এবং নীতিগত সহায়তার অভাবে সিএমএসএমই প্রতিষ্ঠানসমূহ তাদের সম্ভাবনা ও কর্মদক্ষতার পুরোপুরি কাজে লাগাতে পারছে না।