অতিরিক্ত সচিব পদে ৯২ কর্মকর্তার পদোন্নতি

৯২ জন যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

অতিরিক্ত সচিবের অনুমোদিত পদ ২১২টি। বর্তমানে অতিরিক্ত সচিবের সংখ্যা ৪১৬ জন। নতুন করে ৯২ জন যুক্ত হওয়ায় এ সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০৮।

গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপনে ৮৭ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। অপর প্রজ্ঞাপনে বিভিন্ন দূতাবাসে কর্মরত দুজন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। এ ছাড়া বিদেশে শিক্ষা ছুটি বা লিয়েনে থাকা আরও তিন কর্মকর্তার পদোন্নতি হয়েছে। সব মিলিয়ে পদোন্নতি পেয়েছেন মোট ৯২ কর্মকর্তা। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যোগদানপত্র ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

এর আগে গত বছরের ২৬ সেপ্টেম্বর ৯৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিয়েছিল সরকার। অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দিতে ১৩তম ব্যাচকে মূল ব্যাচ হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। একই সঙ্গে এর আগের ব্যাচগুলোর বঞ্চিতরাও অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন। নিয়মিত পদ শূন্য না থাকায় পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত সচিবদের বেশিরভাগকেই পদোন্নতির আগে যেখানে ছিলেন, সেই কর্মস্থলেই থাকবেন। প্রশাসনিক ভাষায় যাকে ইনসিটু বলা হয়। সাড়ে তিন শতাধিক কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতির যোগ্য হলেও ৯২ জনকে পদোন্নতি দেওয়ায় অনেকেই বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

‘সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা, ২০০২’-এ বলা হয়েছে, অতিরিক্ত সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে ৭০ শতাংশ প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ও ৩০ শতাংশ অন্যান্য ক্যাডারের যুগ্ম সচিব পদে কর্মরতদের বিবেচনায় নিতে হবে। যুগ্ম সচিব পদে কমপক্ষে ৩ বছর চাকরিসহ ২০ বছরের চাকরির অভিজ্ঞতা বা যুগ্ম সচিব পদে কমপক্ষে ২ বছরের চাকরিসহ ২২ বছরের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত সচিব পদে পদোন্নতির জন্য বিবেচিত হন।