আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে এক ‘ভয়ংকর’ ঘটনার পরিণতিতে ডাইনোসররা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। বিরাট আকারের এক গ্রহাণুর আঘাতে পরিবেশগত পরিবর্তনের ফলে অতিকায় প্রাণীগুলো চিরতরে বিলীন হয়েছে বলে মত দিয়েছেন গবেষকরা। এরপর বিভিন্ন সময়ে বহু প্রজাতির ডাইনোসরের ফসিল বা জীবাশ্ম পৃথিবীতে পাওয়া গেছে। আর সেগুলো নিয়ে গবেষণা করেই প্রাণীটির সামগ্রিক জীবনধারা সম্পর্কে জানতে পেরেছে মানুষ। এমনই একটি ডাইনোসরের কঙ্কাল ফ্রান্সের প্যারিসে নিলামে তোলা হচ্ছে। কঙ্কালটি বিশ্বের সবচেয়ে বড় ‘ট্রাইসেরাটপস’ প্রজাতির বলে দাবি করা হচ্ছে।
সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ৬ কোটি ৬০ লাখ বছর বয়সী এই জায়ান্ট কঙ্কাল বিক্রি হতে পারে ১৪ লাখ ডলারে বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি টাকায়। কঙ্কালটির নাম দেওয়া হয়েছে ‘বিগ জন’। এর দৈর্ঘ্য ৮ ফুট ৭ ইঞ্চি। ৬ ফুট ৭ ইঞ্চি চওড়া। সবচেয়ে বড় দুটি শিং ৩ ফুট ৭ ইঞ্চি করে লম্বা। আর তা চওড়া ১১.৮ ইঞ্চি। কিন্তু শিং দুটি গোড়ার দিকে ৩০ সেন্টিমিটার বেশি চওড়া। আগামী ২১ অক্টোবর প্যারিসের ড্রোট নিলাম হাউজে বিগ জনকে নিলামে তোলা হবে।
নিলামকারী প্রতিষ্ঠান বাইনোচে এট গিকুয়েলোর দেওয়া তথ্যমতে, এই প্রজাতির ডাইনোসররা লারামিডিয়াতে বসবাস করত। এটি হলো একটি দ্বীপ, যা বিস্তৃত হয়েছে বর্তমানের আলাস্কা থেকে মেক্সিকো পর্যন্ত। প্রাচীনকালে সাউথ ডাকোটায় বর্তমানে যেটা হেল ক্রিক, সেখানকার সমতলে বন্যায় মারা গিয়েছিল এসব ডাইনোসর। ২০১৪ সালের মে মাসে ভূ-বিজ্ঞানী ওয়াল্টার ডব্লিউ স্টেইন বিল এই ডাইনোসরের কঙ্কালের সন্ধান পান। এর এক বছর পর খনন করে মাটি থেকে বের করে আনা হয় কঙ্কাল। তারপর এটা সংরক্ষণ করা হয় ইতালিতে। শিগগিরই কোনো একজন ভাগ্যবান ব্যক্তি এই দানবীয় ট্রাইসেরাটপসের ফসিল কঙ্কালের মালিক হতে যাচ্ছেন।