জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে রক্ষা পেলেন রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে কচুরিপানায় আটকে পড়া ৮ পর্যটক।
মঙ্গলবার রাতে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের নির্দেশনা পেয়ে জারুলছড়ি পুলিশ ক্যাম্পের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয় পর্যটকদের।
এ বিষয়ে রাঙ্গামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানান, চট্টগ্রামের সীতাকুন্ড থেকে আগত পর্যটকের ৮ সদস্যের একটি টিম দুপুরের দিকে রাঙ্গামাটির সুভলং ঝর্ণায় বেড়াতে যান।
সেখান থেকে ফেরার পথে কাপ্তাই লেকের মাঝখানে কচুরিপানার মধ্যে আটকে যান তারা। অনেক চেষ্টার পরেও কচুরিপানা থেকে ছুটতে না পেরে রাতে তারা ৯৯৯ এ ফোন করেন।
৯৯৯ থেকে রাঙ্গামাটি জেলা পুলিশকে বিষয়টি জানানো হলে সঙ্গে সঙ্গে কাপ্তাই হ্রদে আটকে পড়া পর্যটকদের উদ্ধারের বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করি।
আটক পর্যটকদের রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উদ্ধার করে রাঙ্গামাটি পুলিশের পলওয়েল পার্কে নিয়ে আসা হয় বলে জানান রাঙ্গামাটি পুলিশ সুপার।
উদ্ধার হওয়া পর্যটক এস.এম. রিয়াদ জিলানী বলেন, কাপ্তাই হ্রদে কচুরিপানায় আটকে যাওয়ার পর আমরা অনেক চেষ্টা করার পরে ও সেখান থেকে বের হতে পারিনি, তাছাড়া সন্ধ্যা পার হওয়ার পর রাত হয়ে যাওয়ায় আমরা খুবই ভয় পেয়ে যাই।
পরে ৯৯৯ এ সহযোগিতার জন্য ফোন করলে রাতে পুলিশ এসে দীর্ঘ ১ ঘণ্টা ধরে কচুরিপানা পরিষ্কার করে আমাদের রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করে। এ জন্য তিনি রাঙ্গামাটি জেলা পুলিশ বিভাগকে ধন্যবাদ জানান।