ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ আমলাতান্ত্রিক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন নির্বাচন খেলা করে, গণতন্ত্রের মুখোশ দিয়ে মানুষের অধিকার কেড়ে নিয়েছে। আওয়ামী লীগ আমলা লীগ হয়ে গেছে।
গতকাল বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমানে পার্লামেন্টে তোষামোদী ছাড়া আর অন্যকিছু হয় না। এখন দেশে শুধু এক ব্যক্তির পূজা করা হয়। মনে হয় স্বাধীনতায় যেন আর কারও কোনো অবদান নেই, তারই ফলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়েও কটূক্তি করা হয়।
ফখরুলের ভাষায়, বাংলাদেশকে এখন পরিকল্পিতভাবে বি-রাজনীতিকরণ করতে চায় এ সরকার। আওয়ামী লীগ কেয়ারটেকার গভর্নমেন্টের সময় জামায়াতকে নিয়ে আন্দোলন করেছে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। বিএনপিতে মুক্তিযোদ্ধা ও বীর উত্তম, বীর প্রতীকের সংখ্যা বেশি, যেটা আওয়ামী লীগের নেই।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীনসহ অন্যরা বক্তব্য দেন।