দোরাইস্বামী বললেন

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ শেষ হবে আগামী বছর

আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ করোনা পরিস্থিতিতে কিছুটা দেরি হচ্ছে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেছেন, আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণকাজ এগিয়ে চলছে। তবে কিছু আর্থিক সমস্যাও রয়েছে। ভারতের অংশের কাজ এগিয়ে গেছে। বাংলাদেশ অংশে কিছু কাজ বাকি আছে। আগামী বছরের ২-৩ মাসের মধ্যে রেলপথ নির্মাণ শেষ হয়ে যাবে।

গতকাল বুধবার দুপুরে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার পথে সীমান্তের শূন্য রেখায় সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

ভারতের হাইকমিশনার বলেন, গত চার মাসে ভারত-বাংলাদেশের বাণিজ্য বেড়েছে। রেলের মাধ্যমে মালামাল আনা-নেওয়া চলছে। ব্যবসা-বাণিজ্য বাড়াতে বেনাপোল, পেট্রাপোলের মতো এ বন্দরের সুবিধা আরও বৃদ্ধি করা হবে।

ভারতের ভ্যাকসিন সরবরাহ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে ভারতে ভ্যাকসিন উৎপাদন বেড়েছে। ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন ও অক্সিজেন সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। আশা করছি, দ্রুত ভ্যাকসিনও সরবরাহ করা যাবে। 

ট্যুরিস্ট ভিসা কবে নাগাদ চালু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা করোনা পরিস্থিতির ওপর নির্ভর করছে। বর্তমানে টুরিস্ট ভিসা ছাড়া সব ধরনের ভিসা চালু আছে। দুদেশের মধ্যে বিমান চলাচলও শুরু হয়েছে। কভিড পরিস্থিতির আরও উন্নতি হলে দুদেশের যাত্রীদের সুবিধা হবে।

বিক্রম দোরাইস্বামী দুদিনের সফরে ভারতের আসাম যাবেন বলে সাংবাদিকদের জানান। এর আগে তিনি সড়কপথে ঢাকা থেকে দুপুর ১টায় আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছেন। এসময় তাকে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (কসবা সার্কেল) নাজমুল হাসান, আখাউড়া থানার ওসি মো. মিজানুর রহমান, ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ প্রমুখ।“