সারা দেশের সোনার দোকানের নিরাপত্তা দাবি বাজুসের

সারা দেশের সোনার দোকানের নিরাপত্তা জোরদারের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। একই সঙ্গে, সাভারের আশুলিয়ার নয়ারহাট বাজারে একসঙ্গে ১৭টি সোনার দোকানে ডাকাতির ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তিদের স্বল্প সময়ের মধ্যে গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছে সমিতিটি। একই সঙ্গে সমিতির নেতারা সারা দেশের স্পর্শকাতর জুয়েলারি দোকান ও মার্কেটের নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করেছেন।

গত মঙ্গলবার রাতে জুয়েলার্স সমিতির সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। তারা বলেছেন, ডাকাতির ঘটনায় নয়ারহাটের সাধারণ জুয়েলারি ব্যবসায়ীদের মধ্যে ভীতির পরিবেশ তৈরি হয়েছে।

নয়ারহাট বাজারে গত রবিবার রাতে একসঙ্গে ১৭টি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। গত সোমবার রাত ১১টার দিকে স্বর্ণ ব্যবসায়ী মনোরঞ্জন রাজবংশী এই মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ৪০-৫০ জনকে আসামি করা হয়েছে।