গত দুই দিনে বঙ্গোপসাগর সংলগ্ন কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে তিনটি মৃত ডলফিন।
বৃহস্পতিবার সকাল দশটায় সৈকতের সূর্যাস্ত পয়েন্টে একটি এবং বুধবার সকালে তেত্রিশ কানি পয়েন্টে ভেসে আসা মৃত ডলফিন দুটি দেখতে পায় স্থানীয়রা।
এসব ডলফিন শুমুক ও ইরাবতি প্রজাতির।
স্থানীয়রা জানায়, ভেসে আসা ৬ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের এসব ডলফিনের মুখে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। জেলেদের জালে আঘাতপ্রাপ্ত হয়ে এদের মৃত্যু হতে পারে।
এ নিয়ে চলতি বছর কুয়াকাটা সৈকতে ২০টি মৃত ডলফিন ভেসে এসেছে।
পটুয়াখালী জেলা বন বিভাগের কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, বুধবার ও বৃহস্পতিবার ভেসে আসা ডলফিনের মৃত্যু রহস্য উদ্ঘাটনে স্যাম্পল সংগ্রহ করা হয়েছে। এর পরে মৃত দেহ মাটিচাপা দেয়া হয়েছে।