‘গুনিন’ করছেন না ফারিয়া

গুণী নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘গুনিন’-এ অভিনয় করার কথা ছিল জনপ্রিয় তারকা নুসরাত ফারিয়ার। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে চুক্তিও সম্পন্ন করেন। তবে শ্যুটিংয়ের আগেই ছবিটি থেকে সরে দাঁড়ালেন এই নায়িকা। ফারিয়া বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে গুনিন সিনেমাটি আমি করছি না। সেলিম ভাইয়ের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। শিডিউলজনিত কারণে এই সিনেমা থেকে সরে দাঁড়াতে হলো। আসলে সময়টা মিলছে না। ওনাদের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটা করতে হবে। এই সিনেমাটি না করতে পারাটা আমার জন্য দুর্ভাগ্যজনক।’ প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুনিন’ ছোটগল্প অবলম্বনে এই চলচ্চিত্র নির্মিত হবে। একটি দেশি ওটিটি প্ল্যাটফর্মে চলচ্চিত্রটি মুক্তি পাবে। এই চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন ইরেশ যাকের, মোস্তফা মনোয়ার, আজাদ আবুল কালাম এবং শরিফুল রাজ।