সংবাদ সম্মেলনে দাবি

আশ্রিতকে খুন করে গ্রামবাসীকে ফাঁসানোর চেষ্টা!

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিগত নির্বাচনের পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা শেখ মহসিনের বিরুদ্ধে বাড়িতে আশ্রিত ব্যক্তিকে হত্যা করে ইউনিয়নের চার গ্রামের ২৭ বিশিষ্ট ব্যক্তি ও পরিবারের সদস্যকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলার আসামি করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সুলতানপুর ইউনিয়নের চারটি গ্রামের বিশিষ্টজনরা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় ইউপি সদস্য আবুল খায়ের। তিনি বলেন, ‘গত ২৬ মে শেখ মহসিনের বাড়ির আশ্রিত স্বপন মিয়া স্থানীয় বারোআউলিয়া বিলে মাছ ধরতে গিয়ে হত্যাকা-ের শিকার হন। পরদিন পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ৮ জুন নিহতের স্ত্রী রোকেয়া বেগম সুলতানপুর ইউনিয়নের চার গ্রামের ২৭ জনকে সন্দেহভাজন আসামি উল্লেখ করে হত্যা মামলা করেন।