গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ তার আগের চুক্তির ধারাবাহিকতায় এবং অনুরূপ শর্তে পরবর্তী এক বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। চাকরির মেয়াদ শেষ হওয়ায় এর আগে অবসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ২০১৭ সালের ১৭ আগস্ট তাকে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল। সেই থেকে ধাপে ধাপে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৫ম ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৮৬ সালে চাকরিতে যোগদান করেন। পরবর্তী সময়ে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। শহীদ উল্লা খন্দকার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।