করোনাভাইরাসের ডেল্টা ধরন সারা বিশ্বে ছড়িয়ে পড়ার পর সংক্রমণ ও মৃত্যু অনেক বেড়ে যায়। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র। সংক্রমণ ও মৃত্যু তালিকায় এখনো শীর্ষ অবস্থানে রয়েছে দেশটি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে স্কুল খোলার পর এবার করোনার ডেল্টা ধরনে আক্রান্ত হচ্ছে শিশুরাও। গত এক সপ্তাহে দেশটিতে আড়াই লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার আমেরিকান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিকস (এএপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্রে গত ৫ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে সাত লাখ শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। গত জুলাই মাসে স্কুল খুলে দেওয়ার ঘটনায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
এএপির পরিসংখ্যান বলছে, গত ২৬ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৯টি অঙ্গরাজ্যের ২ লাখ ৫১ হাজার ৭৮১ জন শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যেখানে জুলাই মাসের শেষ সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৫০ হাজার। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ৩১টি রাজ্যের এক হাজার স্কুলে আক্রান্তের সংখ্যা বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে টেনেসিসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। করোনার ডেল্টা ধরনে আক্রান্তের পাশাপাশি মৃত্যুও বাড়ছে; যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিশু বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনার কারণে শিশুদের দীর্ঘমেয়াদি শারীরিক ও নেতিবাচক প্রভাব তো পড়বেই, মানসিক স্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে।
ওই রিপোর্ট থেকে আরও জানা যায়, দেশাটিতে করোনার ডেল্টা ধরনে শিশুদের আক্রান্তের সংখ্যা ১৫ শতাংশ; যা গত জুলাই থেকে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি হাসপাতালে শিশু রোগী ভর্তি বেড়েছে শূন্য দশমিক ১ শতাংশ থেকে ১ দশমিক ৯ শতাংশ এবং মৃত্যু শূন্য দশমিক শূন্য শূন্য থেকে শূন্য দশমিক শূন্য ৩ পর্যন্ত বেড়েছে বলে এক পরিসংখ্যানে উঠে আসে।