দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩১৭ জন এবং মারা গেছে ১ জন। আক্রান্তদের মধ্যে ঢাকার হাসপাতালে ২৫৯ জন এবং ঢাকার বাইরে ৫৮ জন ভর্তি হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এদিকে চলতি মাসের ৯ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৬৫১ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছর এখন পর্যন্ত মারা গেছে ৫৪ জন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২৪৫ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৭৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৭০ জন।
এদিকে এ বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ৭ জন। তাদের মধ্যে ১১ হাজার ৭০৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।