নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন তামিম ইকবাল। ফ্র্যাঞ্চাইজি এই আসরে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্র পেয়েছেন তিনি।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম এভারেস্ট প্রিমিয়ার লিগে খেলবেন ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
২৫ সেপ্টেম্বর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ৯ অক্টোবর পর্যন্ত। সব ঠিক থাকলে ২৩ সেপ্টেম্বর রাতে নেপালের উদ্দেশে রওনা হবেন তামিম।
জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের পর থেকে মাঠের বাইরে রয়েছেন তামিম। হাঁটুতে চোট রয়েছে তার। পুনর্বাসন শেষে এখন মাঠে ফেরার অপেক্ষায় তিনি।
ক’দিন আগে তামিম বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেন। ২০২০ সালের শুরুতে সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। এ অবস্থায় সরাসরি বিশ্বকাপে যাওয়াটা তরুণদের প্রতি ‘অবিচার’ হবে বলে উল্লেখ করেন তিনি। সিদ্ধান্ত নেন সরে দাঁড়ানোর।
নির্বাচকেরা অবশ্য তাকে পরিকল্পনায় রেখেই প্রথমে দল সাজিয়েছিলেন। তামিমের ভাবনাতেও বিশ্বকাপ ভালোভাবেই ছিল। আর বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই তিনি নেপালের লিগটিতে খেলতে আগ্রহ দেখান।
সংবাদমাধ্যমকে তামিম বলেন, ‘এই টুর্নামেন্ট আমার কাছে আসলে ছিল বিশ্বকাপ প্রস্তুতি। বিসিবির মেডিকেল বিভাগের সঙ্গে কথা বলে আগে থেকেই সেভাবে ঠিক করে নিয়েছিলাম। ভেবেছিলাম, এত দিন মাঠের বাইরে থাকার পর বিশ্বকাপের আগে এখানে কিছু ম্যাচ খেলতে পারলে ভালো প্রস্তুতি হবে।’
এখন বিশ্বকাপে না খেললেও নেপালে তামিম খেলবেন প্রতিশ্রুতি রক্ষায়। বলছিলেন, ‘এখন যেহেতু বিশ্বকাপ খেলা হচ্ছে না, আমি যাচ্ছি মূলত কমিটমেন্ট রাখতে। ওদেরকে কথা দিয়েছিলাম, খুব আশা নিয়ে তারা অপেক্ষা করছে।’