দল পছন্দ হয়নি। আর সে কারণেই টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণার পরপরই আফগানিস্তানের নেতৃত্ব থেকে সরে গেলেন রাশিদ খান। তার পরিবর্তে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবি।
রাশিদ খানের অভিযোগ দল গঠনে তার মতামত নেওয়া হয়নি। অথচ তিনি দলের অধিনায়ক। আফগান নির্বাচকদের এই উপেক্ষার জবাবে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন রাশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে, ‘অধিনায়ক এবং দেশের একজন দায়িত্ববান ব্যক্তি হিসেবে আমার অধিকার আছে দল নির্বাচনে মতামত দেওয়ার। কিন্তু নির্বাচক কমিটি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ড আমার মতামত না নিয়েই দল ঘোষণা করেছে। তাই আমি আফগানিস্তান টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে এই মুহূর্তে সরে দাঁড়াচ্ছি। আফগানিস্তানের হয়ে খেলা সব সময়ই গর্বের।’ বৃহস্পতিবার রাতে ঘোষিত ১৫ সদস্যের দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদকে। গত তিনটি বিশ্বকাপ খেলা এই হার্ডহিটার দেশের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেন তিন বছর আগে। ৬৫ ম্যাচে ৩১.২২ গড়ে তার সংগ্রহ ১৯৩৬ রান।
আফগানিস্তান এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভে। যেখানে বি গ্রুপে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে রয়েছে তারা। প্রথম রাউন্ডে গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাংলাদেশও খেলবে এই গ্রুপে।
আফগানিস্তান দল : মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, মুজিব-উর রহমান, রহমানউল্লাহ গুরবাজ, করিম জানাত, হজরতুল্লাহ জাজাই, গুরবাদিন নাইব, উসমান ঘানি, নাভিন উল হক, আসগর আফগান, হামিদ হাসান, শারাফুদ্দিন আশরাফ, নাজিবুল্লাহ জাদরান, দাওলাত জাদরান, হাসমাতুল্লাহ শহিদি, শাপুর জাদরান, মোহাম্মদ শাহজাদ, কাইস আহমেদ।