সেপ্টেম্বরের ১০ দিনে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৮৯৯

চলতি বছরের সেপ্টেম্বর মাসের ১০ দিনে দেশে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮৯৯ জন। যেখানে জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ২ হাজার ২৮৬ এবং আগস্টে আক্রান্ত হয়েছিল ৭ হজার ৬৯৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪৮ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ২১৪ এবং ঢাকার বাইরে ৩৪ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

গতকাল শুক্রবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ১ হাজার ২২১ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪১ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১৮০ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ বছরে এখন পর্যন্ত মারা গেছে ৫৪ জন।

এদিকে এ বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ১৩ হাজার ২৫৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে ১১ হাজার ৯৮০ জন হাসপাতাল ছেড়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।