ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পুলিশ। ১০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে ৭ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ‘চাকরি নয়, সেবা’ এই স্লোগানে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।
বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট থেকে জানা যায়, জেলাভিত্তিক শূন্য পদের সংখ্যা ৩ হাজার। জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ পুলিশের ওয়েবসাইটে (https://www.police.gov.bd/) আপলোড করা হয়েছে।
নিয়োগের বয়সসীমা ১৮ থেকে ২০ বছর নির্ধারণ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থীর বয়স ৭ অক্টোবর ২০২১ তারিখে বর্ণিত বয়সসীমার (১৮-২০) মধ্যে থাকবে, তারা আবেদনের যোগ্য বিবেচিত হবেন। তবে ২৫ মার্চ ২০২০ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটাপদ্ধতি অনুসরণ করা হবে।
প্রার্থীদের উচ্চতা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়, পুরুষ প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান) হতে হবে। এতে আরও বলা হয়, যঃঃঢ়://ঢ়ড়ষরপব.ঃবষবঃধষশ.পড়স.নফ এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফরম সঠিকভাবে পূরণের লক্ষ্যে ওই লিংকে সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল এবং ফরম পূরণের নির্দেশিকা দেওয়া আছে। এ নিয়োগসংক্রান্ত যাবতীয় তথ্য পুলিশের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।