বিদ্যুতের চাহিদা মেটাতে জাতীয় গ্রিডে আরও ৮৯৮ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় স্থাপিত ৫ বিদ্যুৎকেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার সকাল ১০টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আজ শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া তথ্য ও বিদ্যুৎ বিভাগ থেকে পাওয়া তথ্য থেকে জানা গেছে, নতুন এই ৫ বিদ্যুৎকেন্দ্রের মধ্যে হবিগঞ্জের বিবিয়ানা-৩ কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্র থেকে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, সিলেট পাওয়ার প্লান্ট থেকে পাওয়া যাবে ৮৯ মেগাওয়াট, চট্টগ্রামের জুলদায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ থেকে পাওয়া যাবে ১০০ মেগাওয়াট, নারায়ণগঞ্জের মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাবে ১০৪ মেগাওয়াট, বাগেরহাটের মধুমতী কেন্দ্র থেকে পাওয়া যাবে ১০৫ মেগাওয়াট বিদ্যুৎ।
জানা গেছে, আগেই এগুলোর বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। এখন আনুষ্ঠানিক উদ্বোধন হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ১১৯টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ক্ষমতা ২৫ হাজার ২৩৫ মেগাওয়াট। গত ২৭ এপ্রিল সর্বোচ্চ উৎপাদন করেছে ১৩ হাজার ৭৯২ মেগাওয়াট। ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৪০০০ মেগাওয়াট ধরা হলেও এরই মধ্যে তা অর্জন করেছে সরকার। বর্তমানে বিদ্যুতের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৯ লাখ। গ্রিড সাব স্টেশন ক্ষমতা (এমভিএ) ১২ হাজার ৬৭৯, বিতরন লাইন ( কি.মি) ৬ লাখ ১৪ হাজার। বিতরণ লস ৮.৪৮ শতাংশ (জুন ২০২১)। মাথাপিছু বিদ্যুৎ উৎপাদন (কি.ও.আ) ৫৬০, বিদ্যুৎ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর সংখ্যা ৯৯ দশমিক ৫ শতাংশ। প্রিপেইড মিটার স্থাপন করা হয়েছে ৪০ লাখ ৫৩ হাজার ৪৭৫টি। সোলার হোম সিস্টেমের সংখ্যা ৬০ লাখ।
বর্তমানে ২৪টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প চলমান। এরমধ্যে ৪ হাজার ২৮৮ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সরকারের ৯টি প্রকল্প, এই ৯টির একটি হবে নবায়নযোগ্য। আর ৩ হাজার ৭৩১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার সরকারি-বেসরকারি যৌথভাবে তিনটি প্রকল্প। ৫ হাজার ৬৪০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১২টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বেসরকারি উদ্যোগে, এর মধ্যে আটটি রয়েছে নবায়নযোগ্য। সব মিলিয়ে চলমান ২৪টি প্রকল্প, এর মধ্যে ৯টি নবায়নযোগ্য। এসব প্রকল্পের কাজ শেষ হলে ১৩ হাজার ৬৫৯ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। কয়লাভিত্তিক মেগা প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে রয়েছে আটটি। ১৫১ বিদ্যুকেন্দ্র নির্মাণে নতুন করে চুক্তি করা হয়েছে।