যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের একটি রাস্তা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন। সড়কের নামকরণ করার পর প্রবাসীদের একাংশের ক্ষোভ প্রকাশের পর গত বৃহস্পতিবার সিটির কর্মকর্তারা নামফলক খুলে নিয়ে যান।
স্থানীয় বাসিন্দা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম চৌধুরী দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘মেয়রের নির্দেশে সিটির ট্রান্সপোর্টেশন ডিভিশনের কর্মকর্তারা ওই নামফলক সরিয়ে নেয়। এর আগে জিয়ার নামে ওই সড়কের নামকরণের পর আমরা মেয়র অফিসে আপত্তি জানিয়েছিলাম। আমাদের আপত্তির কারণে তারা সেটি সরিয়ে নেয়। জিয়াউর রহমান একজন ঠান্ডা মাথার খুনি। এমন একজন মানুষকে এভাবে সম্মান জানানো উচিত হয়নি।’
নামফলকটি সরিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে বাল্টিমোর সিটির সারাটোগা স্পটে ছুটে যান মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শিব্বীর আহমেদ, সহসভাপতি জুয়েল বড়–য়া, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ সভাপতি দেওয়ান আরশাদ আলী বিজয়সহ অন্যরা। ওয়াশিংটন আওয়ামী লীগ নেতা শিব্বীর আহমেদ বলেন, ‘বাল্টিমোরের কর্র্তৃপক্ষ নামফলক নামিয়ে ফেলায় প্রবাসীরা “আনন্দিত” হয়েছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সপক্ষ শক্তির বিজয় হয়েছে।’
এদিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘাতক হিসেবে জিয়াউর রহমানকে ইতিহাসের কাঠগড়ায় অবশ্যই দাঁড়াতে হবে। একদল লোক যুক্তরাষ্ট্র প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিলেন, আমরা লাগাতার চেষ্টায় সেটি সংশোধনে সক্ষম হলাম।’
চলতি বছর জুন মাসে বাল্টিমোরের ২০০ ওয়েস্ট সারাটগা অঙ্গরাজ্যে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক লাগানো হয়েছিল।