বিফলে চান্দিমালের ক্যারিয়ার সেরা ইনিংস, সিরিজে লিড দ.আফ্রিকার

দিনেশ চান্দিমালের টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা অপরাজিত ৬৬ রানের সুবাদেও জিততে পারল না শ্রীলঙ্কা। তার মধ্যে পাঁচটি ক্যাচ ছেড়েও শেষ হাসি হেসেছে দক্ষিণ আফ্রিকা।

তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৮ রানে জিতেছে প্রোটিয়ারা। সেই সঙ্গে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দ.আফ্রিকা। 

১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৩৬ রানে থামে শ্রীলঙ্কা। লঙ্কানরা শুরুটা ভালো করলেও চান্দিমালকে সঙ্গ দিতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ অপরাজিত ২২ রান আসে চামিকা করুনারত্নের ব্যাট থেকে।

ওপেনিংয়ে নেমে শেষ পর্যন্ত ব্যাট করেন চান্দিমাল। তার ৫৪ বলে ৬৬ রানের ইনিংসটি সাজানো ছিল ৫ চার ও ২ ছয়ে।

এর আগে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু হয় দ.আফ্রিকার। ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে ৭৩ রান জমা করে তারা। দুই ওপেনার কুইন্টন ডি ককের ৩৬, রিজা হ্যান্ডরিকসের ৩৮ এবং এইডেন মার্করামের ৪৮ রানের সুবাদে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে প্রোটিয়ারা।

শেষদিকে ১৫ বলে ২ চার ও ১ ছয়ে ২৬ রানের ক্যামিও উপহার দেন ডেভিড মিলার। দ.আফ্রিকা ৫ উইকেটে করে ১৬৩ রান।

৩৩ বলে ১ চার ও ২ ছয়ে ৪৮ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন মার্করাম।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ১৬৩/৫ (মার্করাম ৪৮, হাসারাঙ্গা ২/২৩)

শ্রীলঙ্কা: ১৩৬/৬ (চান্দিমাল ৬৬*, মহারাজ ১/১৯)

দ.আফ্রিকা ২৮ রানে জয়ী।