জাপানের কোবে বন্দর থেকে আরও চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে চতুর্থ দফায় মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এমভি প্রেসার্স কোরাল। জাহাজটি গতকাল রবিবার বিকেল ৫টার দিকে বন্দর জেটিতে ভেড়ে। এরপর বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট দপ্তরের কাগজপত্রের কাজ সম্পন্ন হওয়ার পর জাহাজ থেকে বগি ও ইঞ্জিন নামানোর কাজ শুরু হয়। জাহাজ থেকে সরাসরি বার্জে (নৌযান) বগি ও ইঞ্জিন খালাস করা হচ্ছে। খালাস শেষে এগুলো নদীপথেই ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে নেওয়া হবে বলে জানিয়েছেন বিদেশি জাহাজ এমভি প্রেসার্স কোরালের স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান। তিনি বলেন, চতুর্থ দফায় আসায় চারটি বগি ও দুটি ইঞ্জিনের সঙ্গে আনুষঙ্গিক আরও সরঞ্জামাদি রয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, এর আগে গত ৩১ মার্চ এমভি এসপিএন ব্যাংকক জাহাজে ছয়টি, ৫ মে এমভি ওশান গ্রেস জাহাজে ছয়টি বগি ও ২০ জুলাই এমভি হরিজন-০৯ জাহাজে ১০টি বগি ও দুটি ইঞ্জিন খালাস হয়েছে এ বন্দর দিয়ে। আর গতকাল আরও চারটি বগি ও দুটি ইঞ্জিন নিয়ে এমভি প্রেসার্স কোরাল মোংলা বন্দরে ভিড়েছে।