বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দীর্ঘদিন ধরে বাংলাদেশকে বাণিজ্য সুবিধা প্রদান করে আসছে। ২০২৬ সালে এলডিসি গ্র্যাজুয়েশনের পরও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে প্রদত্ত বাণিজ্য সুবিধা অব্যাহত রাখবে বলে আশা করছি।
গতকাল রবিবার বাণিজ্যমন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবনের অফিস কক্ষে ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত রিনসজে টেরিংকর সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের তৈরি পোশাকের বড় রপ্তানির বাজার। বাংলাদেশের তৈরি পোশাক খাতের উন্নয়নের জন্য ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা রয়েছে। বিশ্ববাণিজ্য সংস্থায় বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনের পর আগামী ১২ বছর এলডিসিভুক্ত দেশগুলোর বাণিজ্য সুবিধা পাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এ লক্ষ্যে এলডিসি ইউরোপীয় ইউনিয়ন এ জন্য বাংলাদেশের পক্ষে সহযোগিতা করবে বলে আশা করছে।