ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী বাবা ও তার দুই ছেলে নিহত হয়েছেন। গতকাল রবিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার তালশহর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই (উত্তর) ইউনিয়নের রাজঘর গ্রামের সাদেক মিয়া (৬০), তার ছেলে রুবেল (৩৩) ও পাবেল (২৩)। দুর্ঘটনায় আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরও একজন।
স্বজনরা জানান, গতকাল ভোরে ঢাকায় চোখের চিকিৎসা করাতে দুই ছেলে রুবেল ও পাবেলকে সঙ্গে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে আশুগঞ্জের উদ্দেশে বাড়ি থেকে বের হন সাদেক মিয়া। সেখান থেকে তিতাস কমিউটার ট্রেনে ঢাকায় যাওয়ার কথা ছিল তাদের। ভোর ৫টার দিকে আশুগঞ্জের তালশহর রেলক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবেল ও পাবেলের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় বাবা সাদেক মিয়াকে হাসপাতালে ভর্তি করানোর পর সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
রেলওয়ের সহকারী পরিবহন কর্মকর্তা আমিনুল হক জানান, দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে রেলওয়ে ঢাকা বিভাগীয় কর্মকর্তার কাছে প্রতিবেদন দাখিল করা হবে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া গত শনিবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তিন জেলায় সড়ক দুর্ঘটনায় আরও সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে মাগুরার শালিখায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার, টাঙ্গাইলের সখীপুরে কাভার্ড ভ্যানচাপায় দুই ও নরসিংদীতে একজন নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে
মাগুরা : শালিখায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হেলপারসহ চারজন নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাসের হেলপার মামুন হোসেন (৩০), যাত্রী নাজমা খাতুন (৩০) ও সহিরুন বেগম (৪৫)। শালিখা থানার ওসি (তদন্ত) বিশারুল ইসলাম জানান, ঘটনার সময় মাগুরাগামী বিসমিল্লাহ পরিবহনের একটি বাস রামকান্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি খাদে পড়ে ঘটনাস্থলেই ওই চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
টাঙ্গাইল : সখীপুরে কাভার্ড ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত শনিবার রাত ১১টার দিকে ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর জেলার আরাফাত হোসেন ও দিনাজপুরের দেলোয়ার হোসেন। স্থানীয়রা জানায়, ঘটনার সময় মোটরসাইকেলে করে সখীপুরের দিকে যাচ্ছিলেন আরাফাত ও দেলোয়ার। পথে প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সখীপুর থানার এসআই শাহীন জানান, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
নরসিংদী : শিবপুরে কাভার্ড ভ্যানের চাপায় আমজাদ হোসেন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আয়ুবপুর ইউনিয়নের শহীদ মিনার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমজাদ উপজেলার ঘাসিরদিয়া গ্রামের বেনু মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, ঘটনার সময় সাইকেলে করে ঢাকা-সিলেট মহাসড়ক ধরে কর্মক্ষেত্রে যাচ্ছিলেন আমজাদ। ঘটনাস্থলে পৌঁছানোর পর দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ওসি মো. নূর হায়দার তালুকদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
রূপগঞ্জে ট্রলির ধাক্কায় বৃদ্ধের মৃত্যু : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সড়কে চলাচল নিষিদ্ধ শ্যালো মেশিনচালিত ট্রলির ধাক্কায় গুলবক্স ভূঁইয়া (৬৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার তারাইল এলাকায় ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয় ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, তারাইল এলাকার মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে স্থানীয় মৃত মহব্বত আলীর ছেলে গুলবক্স ভূঁইয়া দাঁড়ানো ছিলেন। এসময় দ্রুতগামী একটি ইটবোঝাই ট্রলি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে যান। আশপাশের লোকজন উদ্ধার করে গুরুতর অবস্থায় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা দেন।
এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর ফজলুল হক খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।