বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে দেয়াল ধসে কমপক্ষে সাতজন আহত হয়েছেন। গতকাল রবিবার দুপুর ১২টার দিকে নগরীর কোতোয়ালি থানার আদালত ভবনের প্রবেশপথে পুরাতন বাংলাদেশ ব্যাংক ভবনের গ্রিলসহ দেয়াল ধসে পড়ে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন -মো. সেলিম (৩১), দীপক ধর (২৮), সেন্টু মোহাম্মদ (২৮), বেলাল (৩৫) ও পলাশ (৫৫)। অন্য দুজন ৬০ ও ৪০ বছর বয়সী অজ্ঞাতনামা। তাদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে স্থানীয় আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, দুটি কাভার্ড ভ্যান ব্যাংক ভবনের ভেতর থেকে বের হচ্ছিল। এর মধ্যে প্রথমটি ভালোমতো বের হয়ে গেলেও দ্বিতীয়টি বের হওয়ার সময় সীমানা দেয়ালের পেছনের অংশে ধাক্কা লাগে। এতে চার-পাঁচটি গ্রিলসহ দেয়ালের প্রায় ২০-৩০ ফুট ধসে পড়ে। দেয়ালের নিচে কয়েকজন হকার বিভিন্ন পণ্য নিয়ে বসেছিলেন। গ্রিল তাদের ওপর পড়ে। এতে পথচারী ও কয়েকজন হকার আহত হয়েছেন।
এ প্রসঙ্গে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত এসআই নুরুল আলম আশিক দেশ রূপান্তরকে বলেন, দেয়াল ধসে পড়ে আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে ২৮ নম্বর ওয়ার্ডে এবং পাঁচজনকে অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।